নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আলোচিত কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ প্রকল্পে হামলা শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে ভাঙচুর ও লুটপাট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হামলার সময় সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে স্টুডিওটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের পক্ষে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।
ঘটনার পর হামলার মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা হলেন—শাহরিয়ার, মো. মামুন, আসলাম ও মুন্না। তাঁদের মধ্যে মামুন ভাসানটেক বস্তি এবং আসলাম ও মুন্না মজুমদার মোড় এলাকার বাসিন্দা। পরবর্তী সময়ে এ ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

Posted ৬:১৮ এএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


