নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দ্রুত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। সারাদেশের দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোথাও দখলদারিত্ব ও চাঁদাবাজির ঘটনা ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তিনি বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।
তিনি আরও বলেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হলে বা প্রশ্ন করা হলে তিনি অনেক সময় বিষয়টি এড়িয়ে যেতেন। রাজপথের বক্তব্য বা পল্টনের বক্তব্য হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
মিরপুরের রাড্ডা সেন্টারে ভাঙচুরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তার অভিযোগ, এ ঘটনায় স্থানীয় বিএনপির সংশ্লিষ্টতা এবং একজন নারী সংসদ সদস্যের নাম এসেছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের নীরবতার কারণে ঘটনাটি ঘটেছে বলেও তিনি দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন, ঢাকার মতো একটি শহরে তিন ঘণ্টা ধরে ভাঙচুর চলবে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারবে না—এটি স্বাভাবিক নয়। একই ধারাবাহিকতায় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পরদিন থেকে বিএনপির বিরুদ্ধে যে নৈরাজ্য, দখলদারিত্ব ও তাণ্ডবের অভিযোগ উঠেছে, মিরপুরের রাড্ডা সেন্টার ও সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা তারই ধারাবাহিকতা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকেও দায়ী করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং বিএনপি সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে দলটি নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।

Posted ৮:০২ এএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


