লালমনিরহাট প্রতিনিধি | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটিতে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঘুন্টি এলাকায় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তাঁরা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

Posted ৬:১২ এএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


