শিরোনাম >>
শিরোনাম >>

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: শাহ আলী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে সই করেছেন ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী।

আদেশে নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে। তবে প্রত্যাহারের আদেশে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার কোনো উল্লেখ নেই।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে শাহ আলী থানা। ঘটনার পরদিন থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হলো।

মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা নিশ্চিত করতে ১৯৭৪ সালে কার্যক্রম শুরু করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশুস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

প্রতিষ্ঠানটির অভিযোগ, বৃহস্পতিবার মধ্যরাতে ২০০ থেকে ২৫০ জনের একটি দল স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায়। এ সময় দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়। কয়েক ঘণ্টা ধরে চলা হামলায় এক্সক্যাভেটর দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়।

পরে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ লেখা দুটি সাইনবোর্ড ও দুটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ভাষ্য, হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষা করতে পারেনি।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে চার তরুণকে গ্রেপ্তার করে শাহ আলী থানা-পুলিশ। পরদিন শনিবার সন্ধ্যার পর আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকেলে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।

পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালানোর অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, রাত পৌনে দুইটার দিকে ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না, দায়িত্ব পালনে কারও অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ জন্য ডিএমপির দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শনিবারের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ডিএমপি কমিশনারের এমন ঘোষণার পরদিনই শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হলো।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১০ এএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------