ফোকাসবাংলা২৪ ডেস্ক | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানের প্রতিফলন দেখা গেল মাঠেও। আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য মালয়েশিয়ার সঙ্গে সমানতালে লড়াই করে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ছিল। তবে ১৮ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে আরিফ আইমান গোল করলে পিছিয়ে পড়ে লাল-সবুজের দল।
গোল হজমের পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত আক্রমণ তৈরি করতে পারেনি। ৩৮ মিনিটে শাকিল আহাদ বল সামনে বাড়াতে গিয়ে ভুল করলে সুযোগ পেয়ে যান আরিফ আইমান। বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসানকে একা পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। ফাহমিদুল ও ফারহানের বদলে মাঠে নামেন শাহরিয়ার ইমন ও শুকি ইতোফুসা। এতে আক্রমণে কিছুটা গতি এলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
উল্টো ৫২ মিনিটে রক্ষণভাগের আরেক ভুলে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে গোল করেন বার্গসন। এরপর ব্যবধান কমানোর চেষ্টা করলেও সফল হয়নি বাংলাদেশ।
৫৯ মিনিটে আরও দুটি পরিবর্তন করেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। তারিক কাজী ও শমিত সোমের বদলে মাঠে নামেন শেখ মোরছালিন ও জিদান ইউসুফ। সিনিয়র পর্যায়ে বাংলাদেশের হয়ে এ ম্যাচেই অভিষেক হয় জিদানের।
৭৫ মিনিটে বাংলাদেশের সামনে গোলের সুযোগ এসেছিল। পরপর দুবার শট নেন হামজা চৌধুরী, কিন্তু কোনোটিই জালে জড়াতে পারেননি। ৮২ মিনিটে শাহরিয়ার ইমনের দুর্বল শটও সহজেই নিয়ন্ত্রণ করেন মালয়েশিয়ার গোলরক্ষক।
এ ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী ফারহানেরও। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের খেলোয়াড় ফারহান বর্তমানে ধারে ইংল্যান্ডের ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে খেলছেন।
র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ১৩৬, আর বাংলাদেশের ১৮১। ম্যাচেও সেই ব্যবধানের ছাপ স্পষ্ট ছিল। আগের দুই ম্যাচে গোল করতে না পারা মালয়েশিয়া এদিন বাংলাদেশের বিপক্ষে তিনবার জালের দেখা পেয়েছে।
আসিয়ান কাপের ‘ডিভিশন ওয়ানে’ বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s