রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সাবেক সাত এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক

সাংবাদিক নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

সাংবাদিক নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা অনুমোদন

বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম এবং তাঁর স্ত্রী, সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন দুদক সচিব সাইদুর রহমান খান।

দুদকের তথ্যমতে, নঈম নিজামের বিরুদ্ধে ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের অভিযোগ, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদের অবৈধ উৎস গোপন করতে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে। এসব অভিযোগে নঈম নিজামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

দুদকের অভিযোগ, ঘুষ, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে এসব লেনদেন করা হয়েছে এবং অর্থের অবৈধ উৎস গোপন করতে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করা হয়েছে।

এসব অভিযোগে ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

সাবেক সাত এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক:
প্রায় ৭৭ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক সাত সংসদ সদস্য, তাঁদের স্ত্রী, সাবেক মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক ১৬টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অনুমোদন পাওয়া সাবেক সংসদ সদস্যরা হলেন—কুষ্টিয়া-৪ আসনের সেলিম আলতাফ জর্জ ও আবদুর রউফ, কুষ্টিয়া-১ আসনের মো. রেজাউল হক চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, ফেনী-৩ আসনের হাজী রহিম উল্লাহ, লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং সংরক্ষিত নারী আসন-৩৩৫-এর ফরিদা ইয়াসমিন।

এ ছাড়া মামলার তালিকায় রয়েছেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার এবং খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------