ফোকাসবাংলা২৪ ডেস্ক | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরও সৌদি আরব থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনার দিকে বিনিয়োগকারীদের নজর থাকায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন দেখা যায়।
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচার দর ২ দশমিক ১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৬৮ ডলারে নেমেছে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১০৯ ডলারে উঠেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের অক্টোবরের ফিউচার দরও ২ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৯ ডলারে নেমেছে।
জ্বালানি তেল সাধারণত স্পট ও ফিউচার—দুই ধরনের বাজারে কেনাবেচা হয়। স্পট মার্কেটে তাৎক্ষণিক সরবরাহের ভিত্তিতে তেল কেনাবেচা হয়, আর ফিউচার বাজারে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে সরবরাহের জন্য আগাম চুক্তি করা হয়।
জেপি মরগ্যানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বরের এক নোটে জানান, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে পরিবহনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল সরবরাহ অব্যাহত রয়েছে। গত ১০ দিনে দৈনিক গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। তবে ২০২৫ সালের গড়ের তুলনায় এ সরবরাহ দৈনিক ৬১ লাখ ব্যারেল কম।
তবে সরবরাহ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি অদূর ভবিষ্যতে ‘খুব বড় কিছু’ ঘটতে পারে বলেও মন্তব্য করেন।
স্কাই লিংকস ক্যাপিটাল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল তাকিয়েদ্দিন বলেন, তেলের দাম মূলত রপ্তানি কত দ্রুত স্বাভাবিক হয় এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক অগ্রগতি কতটা হয়, তার ওপর নির্ভর করবে। পরিস্থিতির আরও অবনতি হলে কিংবা জাহাজ চলাচলে নতুন করে বিঘ্ন সৃষ্টি হলে তেলের সরবরাহ কমে গিয়ে দাম আবার বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের তীব্রতা বাড়ার পর গত ৯ সেপ্টেম্বর বিশ্ববাজারে তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। এরপর থেকে দামে ওঠানামা থাকলেও তা ১০০ ডলারের নিচে নামেনি।
গত ১৫ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১০৯ ডলারে পৌঁছায়। পরদিনই তা কমে ১০৪ ডলারে নামে। এরপর সোমবার আরও প্রায় ২ শতাংশ কমে ব্রেন্ট ক্রুডের দাম ১০১ ডলারে নেমে এসেছে।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s