শিরোনাম >>
শিরোনাম >>

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

বরিশাল প্রতিনিধি   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে নগরীর প্রধান পাইকারি মোকাম পোর্ট রোডে ইলিশের সরবরাহ প্রায় দ্বিগুণ হয়েছে। সরবরাহ বাড়ায় আকারভেদে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত। খুচরা বাজারেও কমেছে কেজিপ্রতি দাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশের পাইকারি মোকাম ও বিভিন্ন খুচরা বাজার ঘুরে ব্যবসায়ী, জেলে ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে মোকামগুলোতে ছোট, মাঝারি ও বড় আকারের ইলিশ তুলনামূলক বেশি আসছে। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে দামও কমতে শুরু করেছে। এতে ক্রেতাদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে।

পোর্ট রোড বাজারে মাছ কিনতে আসা রাসেল হাওলাদার বলেন, এক সপ্তাহ আগে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বুধবার একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৪০০ টাকা কেজিতে। দাম কমায় তিনি দুই কেজি ইলিশ কিনেছেন।

নগরীর বাংলাবাজারের ক্রেতা রেজাউল ইসলাম বলেন, গত সপ্তাহে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের দুটি ইলিশ ২ হাজার ৫০০ টাকা কেজি দরে কিনেছিলেন। বুধবার একই আকারের ইলিশ ২ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

পোর্ট রোড মোকামের খুচরা বিক্রেতা নাসির উদ্দিন বলেন, গত সপ্তাহে এক কেজিতে চারটি ইলিশ হয়—এমন মাছ ১ হাজার টাকা কেজিতে কিনেছিলেন। এখন একই মাছ কিনছেন ৬০০ টাকা কেজিতে। এক কেজি ওজনের ইলিশও আগে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে কিনলেও এখন দাম পড়ছে প্রায় ২ হাজার ২০০ টাকা।

পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. জহির শিকদার বলেন, গত সপ্তাহে পোর্ট রোডের মোকামে প্রায় ৭৫ মণ ইলিশ এসেছিল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সেখানে প্রায় ১৬০ মণ ইলিশ বিক্রি হয়েছে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ দ্বিগুণেরও বেশি হয়েছে। সরবরাহের এ ধারা অব্যাহত থাকলে সামনে ইলিশের দাম আরও কমতে পারে।

তিনি জানান, সাত দিন আগে দেড় কেজির বেশি ওজনের ইলিশ প্রতি মণ ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হলেও মঙ্গলবার তা নেমে এসেছে ১ লাখ ২০ হাজার টাকায়। ১ কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশের দাম ১ লাখ ২৫ হাজার থেকে কমে হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা।

এ ছাড়া ১ থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের মণপ্রতি দাম ১ লাখ ১০ হাজার থেকে কমে হয়েছে ৯৬ হাজার টাকা। ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ৯৯ হাজার থেকে কমে ৮০ হাজার, ৫০০ থেকে ৭০০ গ্রামের মাছ ৮৫ হাজার থেকে কমে ৭০ হাজার এবং ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ ৬৫ হাজার থেকে কমে ৫০ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

আরও ছোট আকারের মধ্যে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের দাম ৫৫ হাজার থেকে কমে হয়েছে ৪০ হাজার টাকা মণ। ২৫০ গ্রাম ওজনের ইলিশের দাম ৪২ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ৩০ হাজার টাকা। এর চেয়েও ছোট ইলিশের দাম ৩২ হাজার থেকে কমে হয়েছে ২০ হাজার টাকা মণ।

জহির শিকদার বলেন, গত বছর ৪ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ হয়েছিল। এবার জেলে ও ব্যবসায়ীরা ৩০ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, এখনো ইলিশের পেটে ডিম আসেনি। অক্টোবরের শেষ দিকে নিষেধাজ্ঞা শুরু হলে ইলিশের সরবরাহ আরও বাড়তে পারে এবং তখন প্রতি কেজি মাছের দাম অর্ধেকে নেমে আসতে পারে।

এদিকে বিভাগীয় মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, বরিশাল বিভাগে ইলিশের উৎপাদন গত কয়েক বছরে ধারাবাহিকভাবে কমেছে। ২০২১-২২ অর্থবছরে উৎপাদন ছিল ৩ লাখ ৬৯ হাজার ৮৫১ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে ৩ লাখ ৭২ হাজার ৩৪৩, ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৪৮ হাজার ৮৩৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ ৩৪ হাজার ৭৮৩ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন আরও কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৯৭ মেট্রিক টনে।

অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে বরিশাল বিভাগে ইলিশের উৎপাদন কমেছে ১ লাখ ৩ হাজার ২৫৪ মেট্রিক টন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০০ এএম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------