নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন। পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বর পাহাড়ের শহর কালিম্পঙে বসতে পারে মিমির বিয়ের আসর। এর আগে নভেম্বরে আংটিবদলের আয়োজন হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
মিমির হবু স্বামী টালিপাড়ার কেউ নন বলে জানা গেছে। তিনি ভারতীয় নৌবাহিনীর সদস্য, নাম সিদ্ধার্থ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে, বিয়ের কেনাকাটা ও নিমন্ত্রণের প্রস্তুতিও নাকি শুরু হয়েছে। তবে মিমি কিংবা সিদ্ধার্থ—কেউই এখন পর্যন্ত বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
মিমির প্রেম ও বিয়ে নিয়ে এর আগে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। তবে অভিনেত্রী বরাবরই এসব বিষয়ে নীরব থেকেছেন। কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে পাত্র খুঁজতে হবে, আর সেই সময় তাঁর নেই।
২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান মিমি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।
২০২৪ সালে শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর বাংলাদেশেও তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত মিমি। পূজায় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’।
Posted ২:২১ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s