ফেনী প্রতিনিধি | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আমিনুল হককে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আমিনুল হকের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত নেতার সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি।
এদিকে, একই দিনে ধলিয়া ইউনিয়নে এক যুবদল কর্মীকে অপহরণ, মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার খবর পাওয়া গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, আমিনুল হকের নেতৃত্বে তাকে অপহরণ ও মারধর করা হয় এবং তার কাছ থেকে টাকা নিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে আমিনুল হক এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দীর্ঘদিনের একটি আর্থিক বিরোধ মীমাংসার চেষ্টা নিয়ে ঘটনাটি ঘটেছে।

Posted ১১:৩৬ এএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


