ফোকাসবাংলা২৪ ডেস্ক | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর মুঠোফোন ফেলে দেওয়া হয়। ঘটনার সময় সঙ্গে থাকা তাঁর ভাইয়ের শিশুসন্তানও হামলাকারীদের থামানোর চেষ্টা করে। পরে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বাঁধন।
অভিনেত্রীর অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি করেন তিনি।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন বাঁধন। সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে এ ঘটনা ঘটে।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন জানান, পার্কে থাকা কয়েকজন বাঙালি তাঁর সঙ্গে শারীরিকভাবে হেনস্তা করেন। তাঁর শরীরে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং কানের পাশেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বাঁধন বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’
প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে তেড়ে যেতে, ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। তাঁদের কয়েকজন তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন। বাঁধনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বাঁধন বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
ঘটনার বিষয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি বলেন, জয়ও ভেনিসে আছেন বলে তিনি জেনেছেন এবং তাঁর কাছেও ঘটনাটি পৌঁছে দেওয়ার কথা জানান।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। আন্দোলনের পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমেও কথা বলেছিলেন তিনি।
এদিকে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়। এতে প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।
Posted ৭:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s