শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: ডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: ডা. জাহেদ উর রহমান

রাজধানী ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরকার সরে আসায় ঢাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, দেশের বর্তমান বিদ্যুৎ সংকটের অন্যতম প্রধান কারণ গ্যাসের সংকট। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে এবং লোডশেডিংয়ের বর্তমান পরিস্থিতি থাকবে না বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল। তবে রাজধানী ঢাকায় প্রায় কোনো লোডশেডিং দেওয়া হতো না। এর কারণ হিসেবে তিনি বলেন, ঢাকার মানুষের ‘ভয়েস’ বেশি এবং সামাজিক পুঁজি তুলনামূলক বেশি। ফলে রাজধানীর মানুষ লোডশেডিংয়ের অভিজ্ঞতা না পাওয়ায় তাদের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ ধরনের ধারণা তৈরি হয়েছিল।

লোডশেডিংয়ের পরিমাণের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩ সাল। ওই বছরের জুন, জুলাই ও আগস্ট মাসের গড় লোডশেডিংয়ের সঙ্গে ২০২৬ সালের একই সময়ের তুলনা করলে দেখা যায়, জুন ও জুলাইয়ে চলতি বছরের লোডশেডিংয়ের পরিমাণ কম ছিল।

তিনি জানান, ২০২৩ সালের জুনে দেশে প্রতিদিন গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। চলতি বছরের জুনে তা কমে দাঁড়ায় ৭৪১ মেগাওয়াটে। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ে গড়ে লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে নেমে আসে ৪৬০ মেগাওয়াটে।

তবে আগস্টে পরিস্থিতির বড় পরিবর্তন হয়েছে বলে জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, ২০২৩ সালের আগস্টে দেশে গড়ে ৩৬০ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। বিপরীতে ২০২৬ সালের আগস্টে গড় লোডশেডিং বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে।

আগস্টে কেন বিদ্যুৎ সংকট বেড়েছিল—তা সবাই জানেন উল্লেখ করে তিনি বলেন, ওই মাসে লোডশেডিংয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তবে জুন ও জুলাইয়ের পরিসংখ্যান বিবেচনায় নিলে দেখা যায়, ২০২৬ সালের গড় লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম ছিল।

বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাস সরবরাহের যে সংকট তৈরি হয়েছিল, তা কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে আসবে। ফলে বর্তমান সংকট দীর্ঘস্থায়ী হবে না বলে সরকার আশা করছে।

রাজধানীতে লোডশেডিং প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ঢাকার বাসিন্দাদেরও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নেওয়া উচিত। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের ঘনত্ব বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে।

তিনি বলেন, ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখব’—সরকার এখন এমন ধারণা থেকে সরে আসছে। এ কারণেই রাজধানীতে কিছুটা লোডশেডিং হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০১ এএম | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------