নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

২০টি দেশের অংশগ্রহণে আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। তিন দিনের এ মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। আয়োজকদের আশা, মেলায় ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে।
দেশের পর্যটন খাতের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করছে। সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা।
টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, এবারের মেলায় ২৫০ জনের বেশি ক্রেতা ও আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এয়ারলাইনস, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের দুই শতাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। পাশাপাশি চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনীর আয়োজন থাকবে।
আয়োজকেরা জানান, ২০টির বেশি দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা মেলায় অংশ নেবেন। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা ইতিমধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এ ছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকেও অংশগ্রহণের আশা করছেন আয়োজকেরা।
টোয়াবের মতে, মেলার মাধ্যমে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা গেলে বাংলাদেশে বিদেশি পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এ ধরনের মেলা দেশের পর্যটন ও বিমান চলাচল খাতের বিকাশে ভূমিকা রাখবে। ভবিষ্যতে ব্রুনেই, বাহরাইন ও দিল্লিসহ ১৬টি নতুন গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
মেলায় সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই।
আয়োজকেরা জানান, ক্রেতা ও বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে আনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যটন খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোই এ মেলার অন্যতম প্রধান লক্ষ্য।

Posted ১:১৮ পিএম | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


