শিরোনাম >>
শিরোনাম >>

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। দেশটি এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার সক্ষমতা নিয়ে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ফলে যুদ্ধের পরিধি আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে চাপের মুখে ফেলার কৌশল নিতে পারে তেহরান। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা তুলনামূলকভাবে সীমিত থাকলেও পরিস্থিতি যেকোনো সময় আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। মার্কিন গোয়েন্দাদের মতে, সরাসরি সংঘাতের মধ্য দিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা সম্পর্কে নতুন করে ধারণা পেয়েছে এবং দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে দেশটির আত্মবিশ্বাস বেড়েছে।

এ কারণে এ মুহূর্তে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। একই সঙ্গে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল করাও ইরানের অন্যতম লক্ষ্য হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে ইরান সংঘাত আরও বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত জুলাইয়ের মতো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ইরানি হ্যাকাররা পুনর্গঠিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলা চালাতে পারে বলে ধারণা করছেন মার্কিন গোয়েন্দারা। এসব হামলার অন্যতম লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব তৈরি করা এবং সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ানো।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ পিএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------