নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ অর্থায়ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হবে। ‘উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামের এই উদ্যোগ বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি জানান, ‘উদ্যোগ’ কোনো সাধারণ প্রতিযোগিতা নয়। উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে। ব্যবসার ধারণা, সম্ভাব্যতা, পরিকল্পনা এবং প্রয়োজনীয় অর্থের পরিমাণ যাচাইয়ের পর নির্বাচিতদের অর্থায়নের আওতায় আনা হবে।
কর্মসূচির আওতায় একজন নির্বাচিত তরুণ সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ হিসেবে দেওয়া হবে। একই পরিমাণ অর্থ অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে পাওয়ার সুযোগ থাকবে।
তরুণ উদ্যোক্তার জন্য ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশের মধ্যে রাখা হয়েছে। এ অর্থায়ন পেতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।
তবে ঋণের অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে বিশেষ সুবিধা হারাতে হবে। সেক্ষেত্রে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তর করা হবে। একই সঙ্গে ঋণ হিসাব প্রচলিত ব্যাংকিং বিধি অনুযায়ী শ্রেণিকরণ করা হবে। ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হতে পারেন এবং ভবিষ্যতে ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়বেন।
কর্মসূচিতে অংশ নিতে হলে আবেদনকারীকে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না।
এ ক্ষেত্রে আগে থেকেই কোনো ব্যবসা পরিচালনা করার শর্ত রাখা হয়নি। অর্থাৎ সম্ভাবনাময় ও বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক ধারণা থাকলেও তরুণরা আবেদন করতে পারবেন।
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন বৈধ খাতের ব্যবসায়িক উদ্যোগ এ কর্মসূচির আওতায় আসবে।
আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে।
প্রথম ধাপে দেশের আট বিভাগের আটটি জেলা এ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।
এসব জেলার মোট ৬৪টি উপজেলায় কর্মসূচির কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে নির্বাচিত করার পরিকল্পনা রয়েছে।
পরবর্তী সময়ে দেশের অন্যান্য উপজেলায়ও কর্মসূচি সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির মাধ্যমে অর্থায়ন ও অন্যান্য সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
শুধু ঋণ বা অনুদান দেওয়ার মধ্যেই কর্মসূচির কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত তরুণদের উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং সম্ভাব্য বাজারের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ তৈরিতেও সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, একটি সফল ক্ষুদ্র উদ্যোগ গড়ে তিন থেকে পাঁচজন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। ফলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং তরুণদের স্বাবলম্বী করার ক্ষেত্রেও কর্মসূচিটি ভূমিকা রাখতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
কর্মসূচির বিস্তারিত বাস্তবায়ন পদ্ধতি, যোগ্যতা ও অন্যান্য শর্ত উল্লেখ করে আগামী ১৬ সেপ্টেম্বর সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার প্রকাশের পরবর্তী এক মাস আবেদন গ্রহণ করা হবে।

Posted ১১:২২ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


