নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে কুহেস্তাক শহরের একটি বাড়িতে এ হামলা চালানো হয়। সিরিকের গভর্নর রেজা শহিদিয়ান জানিয়েছেন, নিহত ও আহতদের মধ্যে অন্তত ৫০ জন নারী ও শিশু। আহতদের মিনাব শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।
ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কুহেস্তাক ছাড়াও কোনারাক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হামলার পর ইরান পাল্টা আঘাত হানার দাবি করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এদিকে কুয়েত জানিয়েছে, তারা কয়েকটি ড্রোন আকাশে প্রতিহত করেছে।
হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশু ফার্স নিউজকে জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই সে যুদ্ধবিমান উড়তে দেখেছিল। সেখানে পৌঁছানোর পরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ইট-পাথর ও সিমেন্টের টুকরা ছিটকে পড়ে অনেকে আহত হন।
তবে যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা চালানোর অভিযোগে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা, রাডার, সামুদ্রিক সামরিক সরঞ্জাম, মাইন পাতা ও যোগাযোগব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, সর্বশেষ হামলাকে আগের মার্কিন-ইসরায়েলি হামলা থেকে আলাদা করে দেখার সুযোগ নেই।
এর আগে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় ১৫০ জনের বেশি এবং লামার্দের একটি ক্রীড়া কমপ্লেক্সে হামলায় অন্তত ২১ জন নিহত হওয়ার দাবি করেছে ইরান।

Posted ৫:৫১ এএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


