নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক বিচারপতি, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, কওমি আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬০৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন। মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ দাওয়াতি সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি ফুল ও ইসলামি বই উপহার দিয়ে নতুন সদস্যদের দলে বরণ করে নেন।
জামায়াতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকার বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার। তিনি বিএনপি থেকে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়া ইসহাক সরকারের বড় ভাই।
যোগদানকারীদের মধ্যে আরও রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ সুপার ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ।
এ ছাড়া ব্যবসায়ী আবুল আয়েশ খান, ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজি শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও হুমায়ন কবিরও জামায়াতে যোগ দিয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
যোগদানকারীদের তালিকায় রয়েছেন বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজি আলতাব হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ ওমর এবং ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ।
এ ছাড়া কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা জসিম উদ্দিন (রসুলপুরি) ও মাওলানা হাসান জামিলসহ আরও অনেকে অনুষ্ঠানে জামায়াতে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, তিনি মানুষের অকল্যাণ চান না এবং সব সময় মানুষের ক্ষতি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। মানুষের উপকারে আসার চেষ্টা করেন বলেও উল্লেখ করেন তিনি।
সমালোচকদের উদ্দেশে দোয়া করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন ভাষায় কথা বলা উচিত নয়, যে কথা নিজের সম্পর্কে শুনলে কষ্ট লাগে। তার ভাষায়, তলোয়ারের আঘাতের দাগ একসময় মিলিয়ে গেলেও মুখের কথার আঘাতের দাগ সহজে যায় না।
কওমি আলেমদের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াত কওমি সমাজকে আলাদাভাবে দেখে না এবং তাদের দ্বীনি কর্মকাণ্ডকে ছোট করে দেখে না। বরং তাদের জন্য দোয়া করেন এবং তাদের সেবামূলক কাজে আরও বরকত কামনা করেন।
জামায়াতের আমির বলেন, ‘বাতিলের সঙ্গে কোনো আপস করা হবে না। কারও কাছে মাথা নত করা হবে না।’
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, চলার পথে বাধা, সমালোচনা ও গালিগালাজ আসতে পারে। প্রয়োজনে জীবন ও শরীরের বিভিন্ন অঙ্গ হারানোর পরিস্থিতিও তৈরি হতে পারে। এসবকে আল্লাহর দেওয়া আমানত হিসেবে উল্লেখ করে তিনি তা আল্লাহর পথে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আবদুল মান্নান এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Posted ২:৪৪ পিএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


