শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ট্রাভেল মার্ট শুরু ৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশ ট্রাভেল মার্ট শুরু ৩ সেপ্টেম্বর

দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’। আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী এ আয়োজন করবে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।

আয়োজকদের প্রত্যাশা, এবারের ট্রাভেল মার্টে দেশ ও বিদেশের পর্যটনসংশ্লিষ্ট প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে থাকবেন প্রায় ৬০ জন ট্রেড বায়ার এবং তিন দিনে প্রায় ১৫ হাজার দর্শনার্থীর উপস্থিতি হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের পর্যটন ব্যবসার জন্য নতুন আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক সুযোগ তৈরিই এই আয়োজনের প্রধান লক্ষ্য। একই প্ল্যাটফর্মে দেশি ও বিদেশি ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি, পর্যটন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মিলিত হবেন।

আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকছে পূর্বনির্ধারিত ব্যবসায়িক বৈঠক। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণকারী ক্রেতা ও বিক্রেতারা আগে থেকেই নিজেদের পছন্দের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করতে পারবেন।

এর ফলে ব্যবসায়িক অংশীদারত্ব, নতুন পর্যটন পণ্য ও ভ্রমণ প্যাকেজ নিয়ে আলোচনা, নতুন গন্তব্য নিয়ে কাজ এবং সম্ভাব্য চুক্তির ক্ষেত্র তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

বাংলাদেশ ট্রাভেল মার্টে ব্যবসায়িক ও সাধারণ দর্শনার্থীদের জন্য পৃথক কার্যক্রম থাকবে। ব্যবসায়িক অংশে দেশি-বিদেশি পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা পারস্পরিক বৈঠক, যোগাযোগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ পাবেন।

অন্যদিকে সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের দেশি ও বিদেশি ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসাসংক্রান্ত সেবা এবং বিভিন্ন গন্তব্যের বিশেষ ভ্রমণ অফার সম্পর্কে সরাসরি জানতে পারবেন।

বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্ট কেবল পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী নয়; বরং এটি দেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করার একটি কার্যকর উদ্যোগ।

তিনি বলেন, দেশি-বিদেশি পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ক্রেতা ও সেবাদাতাদের একই প্ল্যাটফর্মে আনার মাধ্যমে বাস্তব ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে দেশের পর্যটন, আতিথেয়তা ও বিমান পরিবহন খাতে নতুন বাজার, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বাড়তে পারে।

আয়োজকরা জানিয়েছেন, অনলাইনে নিবন্ধন করে দর্শনার্থীরা বিনা মূল্যে বাংলাদেশ ট্রাভেল মার্টে প্রবেশ করতে পারবেন। তবে সরাসরি নিবন্ধন বা প্রবেশের ক্ষেত্রে জনপ্রতি ৫০ টাকা ফি দিতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৩ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------