নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম বেতন কাঠামো বা নতুন পে-স্কেল আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হতে পারে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকের এজেন্ডায় বিষয়টি অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভা অনুমোদন দিলে পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করার লক্ষ্য রয়েছে।
তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতা ঠিক কত শতাংশ বাড়ানো হচ্ছে, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা এখনো বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের পক্ষ থেকে এর আগে একাধিকবার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে।
এর আগে ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে। প্রক্রিয়া শেষ হওয়ার পর তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির উদ্যোগ নেওয়া হবে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি এরই মধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে ওই কমিটি। প্রস্তাবটি একবারে কার্যকর না করে দুই ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে মূল বেতন বাড়ানো এবং পরের বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব রয়েছে।
সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সেখানে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামের অংশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।
প্রায় ১২ বছর পর নতুন বেতন কাঠামোর উদ্যোগ নেওয়া হয়েছে। অষ্টম বেতন কমিশনের পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ওই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
নবম বেতন কমিশনের সুপারিশে বিদ্যমান ২০টি গ্রেড কাঠামো বহাল রাখার কথা বলা হয়। একই সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়।
তবে শেষ পর্যন্ত মন্ত্রিসভায় যে প্রস্তাব উপস্থাপন করা হবে, সেখানে কমিশনের সুপারিশের কতটা রাখা হয়েছে এবং বেতন-ভাতার চূড়ান্ত হার কী হবে, তা অনুমোদনের আগে স্পষ্ট হচ্ছে না।
এদিকে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেছিলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন কাঠামোর চূড়ান্ত রূপ। সোমবারের বৈঠকে অনুমোদন পাওয়া গেলে দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে।

Posted ১০:৩৯ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


