নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, সকালে গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও আশপাশের লোকজন আগুনের বিষয়টি টের পান। তারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

Posted ৮:১৩ এএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


