নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট
দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজারের বেশি শূন্য প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দীর্ঘদিন আইনি জটিলতার কারণে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল। আদালতের রায়ের পর সেই জটিলতা কেটে গেছে। এখন নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে কাজ শুরু হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য মাঠপর্যায়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেডেশন তালিকা তৈরির কাজ চলছে। তালিকা যাচাই-বাছাই শেষে তা অনলাইনে প্রকাশ করা হবে। এ নিয়ে কারও আপত্তি বা অভিযোগ থাকলে তা জানানোর জন্য ৩০ কর্মদিবস সময় দেওয়া হবে।
অভিযোগ নিষ্পত্তির পর চূড়ান্ত গ্রেডেশন তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কর্ম কমিশনে পাঠানো হবে। কমিশনের অনুমোদন পাওয়া গেলে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে যাবে।
এর আগে গত ২ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি নিয়ে চলা আইনি জটিলতার অবসান ঘটিয়ে রায় দেন। এর ফলে প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলে যায়।
বর্তমান নিয়োগবিধি অনুযায়ী, প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে।
এদিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির ফলে যেসব সহকারী শিক্ষকের পদ শূন্য হবে, সেসব পদেও নতুন করে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬
9 News Bd | s s