শিরোনাম >>
শিরোনাম >>

যোগদানের পরই উধাও কর্মচারী, তবু নিয়মিত বেতন-ভাতা পাওয়ার অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

যোগদানের পরই উধাও কর্মচারী, তবু নিয়মিত বেতন-ভাতা পাওয়ার অভিযোগ

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল থাকার অভিযোগ উঠেছে অফিস সহায়ক শরিফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকলেও তিনি বেতন-ভাতা পেয়ে আসছেন। অফিস কর্তৃপক্ষের দাবি, যোগদানের দিন ছাড়া হাজিরা খাতায় তার আর কোনো স্বাক্ষর নেই।

তবে শরিফুল ইসলামের দাবি, মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর সংযুক্তির আদেশে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় দায়িত্ব পালন করছেন।

অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মার্চ মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে যোগদান করেন শরিফুল ইসলাম। কিন্তু যোগদানের পর থেকে তাকে ওই অফিসে আর দেখা যায়নি। হাজিরা খাতাতেও ১২ মার্চের পর তার কোনো স্বাক্ষর পাওয়া যায়নি বলে জানিয়েছে অফিস কর্তৃপক্ষ।

এর আগে শরিফুল ইসলাম ঈশ্বরদী পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন। সেখানেও নিয়মিত দায়িত্ব পালন না করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বিপুল কুমার জোয়াদ্দার বলেন, শরিফুল ইসলাম ১২ মার্চ অফিসে যোগদান করেন। এরপর থেকে তিনি আর কর্মস্থলে আসেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঈশ্বরদী পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তিনি চলতি বছরের ২০ জানুয়ারি ওই কার্যালয়ে যোগ দিয়েছেন। যোগদানের পর শরিফুল ইসলাম নামে একজন অফিস সহায়ক সেখানে কর্মরত ছিলেন বলে শুনেছেন। তবে দায়িত্ব নেওয়ার পর তাকে কখনো অফিসে দেখেননি। হাজিরা খাতাতেও তার কোনো নাম বা স্বাক্ষর নেই বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে শরিফুল ইসলাম বলেন, তিনি আগে জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন এবং বর্তমানে সেখানকার ভূমি অধিগ্রহণ শাখায় দায়িত্ব পালন করছেন। মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলির পর সেখানে যোগদান করে সংযুক্তির আদেশে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বে ফেরেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ঈশ্বরদী পৌর ভূমি অফিসেও তার সংযুক্তি ছিল এবং বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় দায়িত্ব পালন করছেন।

ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, শরিফুল ইসলাম আগে ঈশ্বরদী পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন। নিয়মিত অফিস না করার অভিযোগে তাকে মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।

তিনি বলেন, মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলির পরও শরিফুল ইসলাম নিয়মিত অফিস করেননি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৪ পিএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------