নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণির মানুষ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন বুলবুল আহমেদ (৩৫)। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। বন্দর থানার পশ্চিম শাখা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহর দাবি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পরে তিনি মামলা করেন। ওই মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের কথিত নেতা শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়।
মুফতি মাছুম বিল্লাহর অভিযোগ, ওই মামলা নিয়ে বুলবুলের সঙ্গে শেখ সিফাত ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলের ওপর হামলা চালানো হয়। পরে তিনি মারা যান।
এ ঘটনায় ক্ষুব্ধ ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা বলেন, অভিযুক্ত শেখ সিফাত ও তার সহযোগীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরে যাবেন না।
এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, চিটাগাংরোড ও সোনারগাঁ অংশে যানবাহনের ব্যাপক চাপ তৈরি হয়েছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রী ও চালকদের মধ্যে দুর্ভোগ ও ভোগান্তি দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

Posted ১১:১০ এএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


