নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন বিল ছাড় করা হবে না।
একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক উপস্থিতি এবং জিও-ফেন্সিং প্রযুক্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মস্থলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি আরও কার্যকরভাবে নজরদারি করা হবে।
গত ১৬ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যসেবা বিভাগ পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা কার্যকর করতে হবে। পাশাপাশি আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থাপনা শাখার অধীনে একটি রিয়েল টাইম ডিজিটাল ড্যাশবোর্ড স্থাপন করতে হবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীদের উপস্থিতির তথ্য তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতির তথ্য সরকারি বেতন ব্যবস্থাপনা ব্যবস্থা আইবাস প্লাস প্লাসের সঙ্গে সমন্বয় করা হবে। এই তথ্য বেতন, ছুটি ও পদোন্নতির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিউটি রোস্টার ও ছুটির তথ্যের মধ্যে যাতে কোনো অসঙ্গতি না থাকে, তা নিশ্চিত করে সিস্টেমে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলা হয়েছে।
বেতন বিল ছাড়ের ক্ষেত্রেও কঠোরতা আরোপ করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং কর্মকর্তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই বেতন বিল অগ্রায়ন করবেন। কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকলে এবং সেই অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হলে তাঁর বেতন বিল ছাড় করা যাবে না।
এ ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উপস্থিতি ব্যবস্থা আরও কার্যকরভাবে তদারকির জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভাগ ও জেলাভিত্তিক ‘ট্যাগ অফিসার’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা নিয়মিত বায়োমেট্রিক হাজিরার তথ্য পর্যবেক্ষণ করবেন।
সভায় বিভাগীয় পরিচালক, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনদের প্রতি সপ্তাহে ই-হাজিরা সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য হলো সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার ক্ষেত্রে অনুপস্থিতিজনিত সমস্যা কমানো।

Posted ২:০৭ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


