কুড়িগ্রাম প্রতিনিধি | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো—উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) এবং তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে মাসুদ রানা (৩)।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল মাসুদ রানা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে স্বজনেরা তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পশ্চিম নাওডাঙ্গা গ্রামে বাড়ির পাশে খেলছিল আরমান। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরমানকেও মৃত ঘোষণা করেন।
এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে দলদলিয়া ইউনিয়নের দোকলাপাড়া গ্রামে পানিতে পড়ে আহত হয় সুমাইয়া খাতুন নামে আরেক শিশু। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসলাম বলেন, মাসুদ রানা ও আরমানকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মাসুদ রানার পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। আরমানের মৃত্যুর ঘটনাটি পুলিশ ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখছে।
দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Posted ১:৫৯ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


