শিরোনাম >>
শিরোনাম >>

দরপত্র ছাড়া ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

দরপত্র ছাড়া ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি আমদানি করা হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি করে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতেই উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। চলমান জ্বালানি সংকটের মধ্যে দেশে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতেও দরপত্র ছাড়া আরও আট কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পাশাপাশি জরুরি চাহিদা মেটাতে ৫ হাজার টন এলপিজি আমদানির অনুমোদনও দেওয়া হয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির উদ্যোগ আরও বাড়ানো হলো।

এদিকে গ্যাস সংকটের মধ্যে এলএনজি সরবরাহ পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে মজুদ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে আমদানি করা গ্যাসের সরবরাহ কমেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দুটি ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের পরিমাণ ছিল ৬৩ কোটি ১০ লাখ ঘনফুট। এর আগের দিন সোমবার রাতে সরবরাহ ছিল ৬৬ কোটি ৬০ লাখ ঘনফুট। অর্থাৎ এক দিনের ব্যবধানে সরবরাহ কমেছে প্রায় ৩ কোটি ৫০ লাখ ঘনফুট বা ৫ দশমিক ৩ শতাংশ।

দেশে এলএনজি সরবরাহের ক্ষেত্রে কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি ভাসমান টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই মধ্যে সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে। ১৪ আগস্ট সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে সরবরাহ শুরু হয় এবং প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১১ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছিল।

তবে এর মধ্যেই নতুন করে এলএনজি কার্গো সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, সরাসরি ক্রয় পদ্ধতিতে আগে যেসব কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল, সেগুলোর কয়েকটির সরবরাহ সময়মতো নিশ্চিত না হওয়ায় গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগস্টে নির্ধারিত কয়েকটি কার্গো সময়মতো না আসায় পরিস্থিতি সামাল দিতে নতুন করে এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়ার কথাও উঠে এসেছে।

এদিকে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও তিন কার্গো এলএনজি আমদানির প্রস্তাব তোলা হয়। এর মধ্যে একটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এ কার্গো কেনা হবে। অন্যদিকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার দরে একটি কার্গো এলএনজি কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দ্রুত এলএনজি আমদানি এখন সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে আন্তর্জাতিক বাজারের দাম, সরবরাহের অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে এলএনজি সংগ্রহে চাপ বাড়ছে। কাতার থেকেও বাংলাদেশের নির্ধারিত এলএনজি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্তের ফলে স্বল্পমেয়াদে গ্যাস সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি নির্ভরযোগ্য আমদানি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৩ পিএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------