নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

নারী ও শিশু উন্নয়ন, সামাজিক সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ কার্যালয়ের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক সচিব ইয়াসমীন পারভীন, এনডিসিও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা, নারী শিক্ষা, লিঙ্গসমতা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, কিশোরীদের স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয় স্থাপন এবং ডিএনএ ল্যাবের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী জাপান ও জাইকাকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, গত ৫০ বছর ধরে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাইকা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতে উন্নয়ন ও কারিগরি সহযোগিতার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, নারী ও শিশুসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারীদের জীবনমান ও দক্ষতা বাড়াতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে জাইকার কারিগরি সহযোগিতা কামনা করেন তিনি। জাইকার প্রতিনিধি দল এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ নারীরা পরিবারের পুষ্টিকর খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য, সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ব্যয় এবং ক্ষুদ্র সঞ্চয়ের কাজে ব্যবহার করতে পারছেন। তাঁর মতে, এটি শুধু সরকারি ব্যয় নয়, বরং দীর্ঘমেয়াদি ও কার্যকর সামাজিক বিনিয়োগ।
বিশ্বব্যাপী দক্ষ সেবাদানকারীর চাহিদা বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশ দক্ষ কেয়ার গিভার তৈরি করতে চায়। পাশাপাশি এসব দক্ষ কর্মীর জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেও সরকার আগ্রহী। এ ক্ষেত্রে জাপানের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশের গ্রামীণ নারীদের তৈরি ঐতিহ্যবাহী হস্তশিল্প জাপানের বাজারে রপ্তানির সুযোগ তৈরির বিষয়েও জাইকার সহযোগিতা চান মন্ত্রী। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ নারীদের আয় বাড়বে, অন্যদিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।
জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বাংলাদেশে সংস্থাটির চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বৈঠকে অবহিত করেন। তিনি জানান, নারী ও শিশুর কল্যাণ, কক্সবাজার অঞ্চলের প্রান্তিক জেলেদের দক্ষতা বৃদ্ধি ও সহায়তা, নারীদের কৃষিভিত্তিক প্রশিক্ষণ এবং রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে জাইকা সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি ভবিষ্যতে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন জাইকার প্রতিনিধি দলের সদস্যরা।
বৈঠকের শেষ পর্যায়ে মন্ত্রী জাইকাকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অবকাঠামোর পাশাপাশি নারী, শিশু ও তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদে বিনিয়োগকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Posted ৮:৩৭ এএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


