নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

দেশে হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে শিল্পোৎপাদিত ট্রান্স ফ্যাটি অ্যাসিড (টিএফএ) নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই, ডেকোরেটেড কেক, চিপস, চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করে মান প্রণয়ন করা হয়েছে।
সোমবার ঢাকার তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে বিএসটিআই ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে টিএফএমুক্ত ভোজ্যতেল ও পিএইচও উৎপাদন উৎসাহিতকরণ’ শীর্ষক অংশীজন পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিএসটিআই।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
সভায় দেশের বিভিন্ন ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী প্রতিষ্ঠান এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল ও মেঘনা গ্রুপসহ সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।
সভায় ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এসডিজির তাগিদ এবং সরকারের অগ্রাধিকার’ বিষয়ে উপস্থাপনা করেন বিএসটিআইয়ের উপপরিচালক (কৃষি ও খাদ্য) এনামুল হক।
কাজী ইমদাদুল হক বলেন, ট্রান্স ফ্যাটমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদক ও ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পখাতের বাস্তব সমস্যা, প্রযুক্তিগত সক্ষমতা এবং উৎপাদন প্রক্রিয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শিল্পোৎপাদিত ট্রান্স ফ্যাটি অ্যাসিড হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম ঝুঁকি হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তাই খাদ্যপণ্যে এর ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও খাদ্য সরবরাহ ব্যবস্থা থেকে ট্রান্স ফ্যাট নির্মূলকে অকালমৃত্যু প্রতিরোধে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে বিবেচনা করে। বিশেষ করে অতিরিক্ত ট্রান্স ফ্যাট গ্রহণ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বলে দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন।
এদিকে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার ২০২১ সালে ‘খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা’ প্রণয়ন করে। এর বাস্তবায়নের অংশ হিসেবে বিএসটিআই বনস্পতি ও নন-ডেইরি ভেজিটেবল ঘির জন্য প্রণীত বাংলাদেশ জাতীয় মানও সংশোধন করেছে।
সংশোধিত মানে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণের আধুনিক প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ট্রান্স ফ্যাটমুক্ত বা কম ট্রান্স ফ্যাটযুক্ত পণ্য উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করার পরিবেশ তৈরি হবে বলে মনে করছে বিএসটিআই।
সভায় সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে উৎপাদনপ্রক্রিয়ার প্রযুক্তিগত সক্ষমতা, কাঁচামাল ও শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। অংশীজনদের মতামত ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিএসটিআইয়ের এ উদ্যোগের ফলে বাজারে থাকা বিভিন্ন খাদ্যপণ্যে শিল্পোৎপাদিত ট্রান্স ফ্যাটের ব্যবহার কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে হৃদরোগসহ অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Posted ১০:৫৩ এএম | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


