শিরোনাম >>
শিরোনাম >>

মধ্যরাতে ঢাবিতে প্রভোস্টকে উদ্ধার ঘিরে হাতাহাতি, ভিপি-জিএসসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

মধ্যরাতে ঢাবিতে প্রভোস্টকে উদ্ধার ঘিরে হাতাহাতি, ভিপি-জিএসসহ আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনকে কার্যালয় থেকে বের করে নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে হল সংসদের ভিপি আবু নাঈম, জিএস ইমামুল হাসানসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং জোর করে লিখিত বক্তব্যে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে প্রভোস্টের বিরুদ্ধে। অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে প্রভোস্টের পদত্যাগ এবং ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিতে তাঁর কার্যালয়ের সামনে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ছিল, ঘটনার প্রকৃত তথ্য জানতে প্রভোস্টের কার্যালয়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। তবে দীর্ঘ সময় অবস্থানের পরও ফুটেজ প্রকাশ না হওয়ায় উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ভারপ্রাপ্ত প্রক্টর ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায়।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রভোস্টের কার্যালয়ের দিকে গেলে শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা হল সংসদের ভিপি আবু নাঈম, জিএস ইমামুল হাসানসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে অন্তত ছয়জন আহত হন। জিএস ইমামুল হাসান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ভিপি আবু নাঈমের পোশাকও ছিঁড়ে যায়। ধাক্কাধাক্কির মধ্যে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাংও পড়ে গিয়ে আহত হন বলে জানা গেছে।

পরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রভোস্টকে তাঁর কার্যালয় থেকে বের করে নিয়ে যান। এরপর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রভোস্টের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাঁকে অবরুদ্ধ করে রাখা কিংবা পরিস্থিতি মবের মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা গ্রহণযোগ্য নয়। দলটির কয়েকজন নেতাকর্মী দাবি করেছেন, বিভিন্ন হলের শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতির কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে প্রভোস্টকে বের করে নিয়ে গেছে। তিনি ঘটনাটির প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষার্থীরা প্রভোস্টের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের নামে হামলা কিংবা মব সংস্কৃতির পরিবর্তে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১২ এএম | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------