নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি ও বিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেশের পরিবর্তন ও সংস্কারের জন্যই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে দেশে সংস্কার হবে। পুলিশ, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ও গণমাধ্যমের সংস্কার হবে।’
তিনি বলেন, সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, তাহলে তারা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবেন না। জনগণের ভোটে ক্ষমতায় বসানো হয়েছে লুটপাটের জন্য নয়, বরং জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত ও মানুষের জীবনযাত্রার উন্নতি করার জন্য।
গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকার যদি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে না পারে এবং গ্যাসের দাম কমাতে ব্যর্থ হয়, তাহলে কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে চাঁদাবাজি যুক্ত হওয়ায় ব্যবসায়ীরা আরও সমস্যায় পড়ছেন।
তিনি বলেন, ‘সরকার যদি এসব পরিস্থিতির উন্নতি করতে না পারে, তবে আমরা তাদের ক্ষমতায় থাকতে দেব না।’
নাহিদ ইসলাম আরও বলেন, যাত্রাবাড়ীর মানুষ এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। এখানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে। অথচ গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী ছিল অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। ওই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ব বরণকারী এবং চোখ হারানো ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের ভূমিকার কারণেই অভ্যুত্থান সংঘটিত ও সফল হয়েছিল। কিন্তু সেই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধগুলোর বিচার এখনো সম্পন্ন হয়নি।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যতটুকু বিচারিক অগ্রগতি হয়েছিল, তা সেখানেই থেমে গেছে। এরপর বর্তমান সরকার এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

Posted ২:৪১ পিএম | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


