শিরোনাম >>
শিরোনাম >>

জ্বালানি–সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

জ্বালানি–সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: জ্বালানিমন্ত্রী

দীর্ঘমেয়াদি জ্বালানি–সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই সরকারকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি–সংকটও মোকাবিলা করতে হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জ্বালানি বিটের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এ সেমিনারের আয়োজন করে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রয়োজনীয়তা বিবেচনা না করে যেখানে অর্থ আয়ের সুযোগ ছিল, সেখানে উন্নয়ন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অবকাঠামো গড়ে না ওঠায় জ্বালানি খাতে টেকসই উন্নয়ন হয়নি। একটি এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে গ্যাসের সংকট তীব্র হয়েছে।

তিনি জানান, নতুন করে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি স্থলভাগেও একটি টার্মিনাল নির্মাণের বিষয়ে আলোচনা চলছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার তেলের সংকট হতে দেয়নি বলে দাবি করেন মন্ত্রী। ওই সময়ে কালোবাজারে তেল বিক্রির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। ভবিষ্যতে পদ্মা, মেঘনা ও যমুনার পাশাপাশি বেসরকারি খাতেও তেল বিক্রির সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

জ্বালানি খাতের সংকটে মানুষের দুর্ভোগ কমাতে সরকার চেষ্টা করছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। জ্বালানি খাতেও একই পরিস্থিতি। এর দায় সরকারের নয়—এ কথা বলে সরকার দায় এড়াতে পারে না। জনগণের সরকার হিসেবে দায়িত্ব নিয়েই এ সংকট মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থের জোগানও বড় চ্যালেঞ্জ। দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে বর্তমানে প্রায় ১২০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। একটি এলএনজি টার্মিনাল চালু করতে সাধারণত ৩০ থেকে ৩৬ মাস সময় লাগতে পারে। তবে আইন ও স্বচ্ছতা বজায় রেখে দুই বছরের মধ্যে এটি চালুর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে জ্বালানি–সংকটের পূর্ণাঙ্গ সমাধানের সুযোগ নেই। সংকট মোকাবিলায় কয়লার ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে। একই সঙ্গে গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। ভারতের আদানি পাওয়ার থেকে আমদানি করা বিদ্যুতের দামও আলোচনার মাধ্যমে কমানোর উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মত দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন। তিনি বলেন, অতীতে যেসব সমস্যার বিষয়ে সতর্ক করা হয়েছিল, সেগুলো এখন বাস্তব সংকটে পরিণত হয়েছে। তাৎক্ষণিকভাবে সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও এলএনজি আমদানি প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদে এটি টেকসই সমাধান নয়। কারণ, জ্বালানি–সংকটের পাশাপাশি দেশে ডলার–সংকটও রয়েছে।

মূল প্রবন্ধে বলা হয়, দেশে দেশীয় গ্যাসের উৎপাদন ক্রমেই কমছে। দ্রুত গ্যাস অনুসন্ধান বাড়িয়ে উৎপাদন অন্তত ২০০ কোটি ঘনফুটের কাছাকাছি ধরে রাখার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থা বাড়িয়ে ধীরে ধীরে ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমাতে হবে। ২০৩০ সালে দেশে গ্যাসের চাহিদা ৪৬০ কোটি ঘনফুটে পৌঁছাতে পারে বলেও এতে উল্লেখ করা হয়।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, জ্বালানি খাতের অন্যতম বড় সমস্যা হলো যৌক্তিক মূল্য নির্ধারণ না করা। দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা না বাড়িয়ে বিদেশি কোম্পানির কাছ থেকে বেশি দামে গ্যাস ও বিদ্যুৎ কেনা হচ্ছে। নতুন সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের ধারাবাহিকতা থেকে বেরিয়ে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, সংকটের সময় বেসরকারি খাত মুনাফা বাড়ানোর চেষ্টা করে এবং সরকার তাদের সুরক্ষা দেয়। ফলে ভোক্তারা বেসরকারি খাতের কাছে নিরাপদ নয়।

সেমিনারে সভাপতিত্ব করেন এফইআরবির চেয়ারম্যান এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ। এতে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা বক্তব্য দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৭ পিএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------