শিরোনাম >>
শিরোনাম >>

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’

বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছে ভারতের চলচ্চিত্রশিল্প। জনপ্রিয় নির্মাতা এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’ দিয়ে পূর্ণাঙ্গ আইম্যাক্স প্রযুক্তিতে প্রবেশ করতে যাচ্ছে ভারতীয় সিনেমা। ইংরেজি ভাষার বাইরে এটিই ভারতের প্রথম সিনেমা, যার পুরো চিত্রধারণ সম্পূর্ণ আইম্যাক্স ফরম্যাটে করা হচ্ছে।

সম্প্রতি ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ মুক্তির পর ভারতে আইম্যাক্সে সিনেমা দেখার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দর্শকেরা বাড়তি অর্থ খরচ করেও বড় পর্দার এই বিশেষ অভিজ্ঞতা নিতে আগ্রহী হচ্ছেন। তবে ‘বারাণসী’র মতো বড় বাজেটের আইম্যাক্স সিনেমা মুক্তির ক্ষেত্রে ভারতে বড় একটি সংকট সামনে এসেছে—পর্যাপ্ত আইম্যাক্স পর্দার অভাব।

ভারতে সিনেমার বিশাল বাজার থাকা সত্ত্বেও বর্তমানে দেশটিতে আইম্যাক্স পর্দার সংখ্যা মাত্র ২৬টির মতো। ফলে একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইম্যাক্স ফরম্যাটে ‘বারাণসী’ প্রদর্শন করা কঠিন হয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভারতে আইম্যাক্স পর্দার সংখ্যা না বাড়ার অন্যতম প্রধান কারণ এর বিপুল স্থাপনা ব্যয়। একটি আইম্যাক্স পর্দা স্থাপনে বিপুল অর্থ বিনিয়োগ করতে হয়, যা অনেক প্রেক্ষাগৃহ মালিকের জন্য বড় চ্যালেঞ্জ।

ভারতীয় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি জানান, আইম্যাক্স একটি অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি। ভারতে একটি আইম্যাক্স পর্দা স্থাপনে আনুমানিক ১০ থেকে ১১ কোটি রুপি খরচ হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ থেকে ১৫ কোটি টাকার সমান।

‘দ্য ওডিসি’র মতো চলচ্চিত্র আইম্যাক্সে উল্লেখযোগ্য সাফল্য পেলেও সব হলিউড সিনেমা এই ফরম্যাটে একই ধরনের ব্যবসায়িক সাফল্য পায় না। ফলে আইম্যাক্স পর্দা স্থাপনে বড় অঙ্কের বিনিয়োগের আগে প্রেক্ষাগৃহ মালিকদের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাবও বিবেচনা করতে হয়।

এদিকে ‘বারাণসী’ পুরোপুরি আইম্যাক্স ফরম্যাটে নির্মিত হওয়ায় সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সীমিতসংখ্যক আইম্যাক্স পর্দার কারণে ভারতের সব অঞ্চলের দর্শক একই সময়ে এই বিশেষ ফরম্যাটে সিনেমাটি দেখার সুযোগ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৫ এএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------