নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আশাবাদী।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের হাইকমিশনার বলেন, ‘খুব ভালো আলোচনা হয়েছে। আমার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, সাক্ষাৎটি কেবল একজন কূটনীতিকের সঙ্গে একজন রাষ্ট্রীয় নেতার আনুষ্ঠানিক বৈঠক ছিল না; বরং এটি মানুষে-মানুষে যোগাযোগেরও প্রতিফলন। তিনি বলেন, ‘প্রথমবার দেখা হলেও একদম এমন মনে হয়নি যে প্রথমবার তাঁর সঙ্গে দেখা করছি। তিনি খুবই ভালো ও বিনয়ী।’
দুই দেশের সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন ইস্যু থাকা স্বাভাবিক। তবে এসব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করে দুই দেশের জনগণের স্বার্থে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমাদের ইস্যু থাকবে, বাংলাদেশেরও ইস্যু থাকবে। কিন্তু মানুষের ইস্যু একটাই—ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক হলো উভয়ের জন্যই লাভজনক।’
ভারত-বাংলাদেশের ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের। এই ঐতিহাসিক সম্পর্ক এবং প্রতিবেশী হিসেবে দুই দেশের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘আমরা শুধু সীমান্ত ভাগ করি না, স্বপ্নও ভাগ করি।’
আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলে আশা প্রকাশ করে ভারতের হাইকমিশনার বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে বিদ্যমান বিষয়গুলো সমাধান করতে হবে। এ বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘এমন কোনো ইস্যু নেই, যা আমরা বসে সমাধান করতে পারব না।’ তিনি জানান, বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনের সময় দুই দেশের সম্পর্ককে আরও ভালো করার বিষয়টি তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় বলেছেন, সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। নাহলে আমি কেন আসি?’
এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রথমবারের মতো সাক্ষাৎ হয়েছে বলে জানান ভারতের হাইকমিশনার। দুই দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তাঁর বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
এদিকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী ইতিবাচক সুরে বলেন, ‘হবে, হবে। সবই ভালো, ইতিবাচক সবকিছুই হবে।’

Posted ১০:৪১ এএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


