নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিভ্রান্তকারীরা সুযোগ পেলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ। এখন আর পেছনে পড়ে থাকার সুযোগ নেই। দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনই হতে হবে সবার একমাত্র লক্ষ্য।
রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে বাঁশখালীতে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নতুন টিনের ঘর ও ত্রাণসামগ্রী তুলে দেন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি জনসমাবেশে রূপ নেয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। ছোট দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ী—কেউ যেন অস্থিতিশীলতার কারণে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে তাঁদের কারখানায় উৎপাদন করতে পারেন এবং সড়কপথে পণ্য বন্দরে নিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, মিল-কারখানা সঠিকভাবে পরিচালিত না হলে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। তাই যারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
শিশুদের শিক্ষা ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্যও দেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্তানদের ভালোভাবে লেখাপড়ার সুযোগ দিতে হলে স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার মতো কাজগুলো করতে হবে। এসবের জন্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা জরুরি।
প্রধানমন্ত্রী জনগণের প্রতি বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিভ্রান্তকারীরা সুযোগ পেলে শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হবে। যারা বিভ্রান্তি ছড়ায়, তারা নিজেদের মতো চলে যাবে; জনগণের পাশে থাকবে না।
তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশ কি সামনে এগিয়ে যাবে, নাকি ঝগড়া-বিবাদ ও বিভ্রান্তির মধ্যে পড়ে থাকবে? তাঁর আহ্বান, দেশের মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।
জ্বালানি ও বিদ্যুৎ খাতে আগামী ১০ বছরের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থে পরিচালিত হয়েছে। জনগণের স্বার্থে নতুন জ্বালানি ও বিদ্যুৎ পরিকল্পনা প্রণয়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ পরিকল্পনা প্রণয়নে কিছুটা সময় প্রয়োজন হলেও শিগগিরই এর প্রস্তাবনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহের বিষয়টিও পরিকল্পনায় রাখা হবে।
জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও বিকল্প পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে উপস্থাপন করা যেতে পারে। কিন্তু বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা ও জনগণের শান্তি নষ্ট করা যাবে না।
তিনি বলেন, এখন জনগণের জন্য কাজ করার সময়, দেশ গঠনের সময়। বিশ্বের অনেক দেশ বাংলাদেশের পরে স্বাধীন হলেও পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে তারা অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশকেও আর পেছনে পড়ে থাকলে চলবে না।
প্রধানমন্ত্রী বলেন, এখন একটাই লক্ষ্য—জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের ভাগ্যের পরিবর্তন। জনগণের সমর্থন নিয়ে সরকারের নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব ক্ষমতার উৎস জনগণ বলেও উল্লেখ করেন তিনি।
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্য সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, এর মাধ্যমে প্রত্যেক মানুষ দেশ গঠনে ভূমিকা রাখার পাশাপাশি নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের সুযোগ পাবেন।
তিনি বলেন, শুধু অপেক্ষা করে বসে থাকলে হবে না; সবাইকে কাজ করতে হবে। কৃষিতে উৎপাদন বাড়াতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং শিল্পে বিপ্লব ঘটাতে হবে।
জনগণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। সবাই সামনে এগিয়ে যাবে এবং নিজেদের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে।
বাঁশখালীর স্থানীয় বিভিন্ন সমস্যার কথাও অনুষ্ঠানে উঠে আসে। এ সময় বাঁশখালী বেড়িবাঁধ নির্মাণ এবং লবণের ন্যায্যমূল্য নির্ধারণসহ স্থানীয়দের বিভিন্ন দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Posted ২:১৮ পিএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


