শিরোনাম >>
শিরোনাম >>

যৌথ প্রতিরক্ষা চুক্তির পথে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

যৌথ প্রতিরক্ষা চুক্তির পথে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

মধ্যপ্রাচ্যের অস্থির নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করতে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। নির্ভরযোগ্য কূটনৈতিক ও সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার জেদ্দায় ত্রিপাক্ষিক এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়টি সংবেদনশীল হওয়ায় সংশ্লিষ্ট সূত্রগুলো আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করেনি।

চুক্তি স্বাক্ষরের পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত অংশীদারত্ব এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তাদের সফর আগামী শনিবার পর্যন্ত চলবে। অন্যদিকে শুক্রবার জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ওই দিনই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৬ থেকে ৮ আগস্টের এই সফর শুধু বর্তমান সংকট মোকাবিলার জন্য নয়; বরং দীর্ঘমেয়াদি আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিবর্তিত বাস্তবতায় পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর প্রভাব পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পড়ছে। পাশাপাশি হরমুজ প্রণালি ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে জাহাজ চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রেখেছে। একই সঙ্গে তুরস্কও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালে সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি পৃথক উদ্যোগ ঘোষণা করেছিল। এবার তুরস্ককে অন্তর্ভুক্ত করে ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সেই উদ্যোগ আরও বিস্তৃত রূপ পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৬ এএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------