নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং রাজধানীর কয়েকটি এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
মঙ্গলবার সকাল থেকে সংঘর্ষের পৃথক ঘটনাগুলো ঘটে। রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন নেছারুদ্দীন রাব্বির দাবি, শিক্ষা বোর্ডের সামনে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ছাত্রশিবিরের কর্মী বলে তিনি অভিযোগ করেন। তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
আলিয়া মাদ্রাসা এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় মো. সানাউল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঢাকা কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীদের হামলায় তিনি আহত হয়েছেন। পরে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই ঘটনায় প্রভা ও ধ্রুব নামে আরও দুই শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ এলাকা থেকেও আহত তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাজধানীর বিভিন্ন স্থান থেকে সংঘর্ষে আহত কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে অধিকাংশ প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেলেও একজন গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Posted ১:১৯ পিএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


