নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাস, ঐতিহ্য ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্র। নগরকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবার অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানে গাছ লাগাতে হবে। টেকসই পরিবেশ রক্ষায় সবুজায়নের বিকল্প নেই।
ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, দূষণের কারণে নগরবাসী নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দেশের প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ রোপণ করলে অল্প সময়েই ব্যাপক সবুজায়ন সম্ভব হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও ডিএসসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ১০:৫০ এএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


