নরসিংদী প্রতিনিধি | রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও কয়েকটি বাড়িতে হামলা চালানো হলে অন্তত ১০ জন আহত হন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া ওই গ্রামের প্রয়াত ধন মিয়ার ছেলে। আহতদের মধ্যে মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭) রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বজন ও স্থানীয়দের দাবি, একটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির পদ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। তাদের অভিযোগ, ফরিদ উদ্দিনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকটি বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে মোমেন মিয়ার বাড়িতে ঢুকে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাইম জানান, মোমেন মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা ও পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফরিদ উদ্দিন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি কর্মস্থল নোয়াখালীতে ছিলেন এবং তদন্ত ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ তোলা ঠিক নয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Posted ১:০২ পিএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


