আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট

চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক, হাইব্রিড এবং কিছু অন্যান্য ধরনের যানবাহনের ওপর তুরস্কের আরোপিত বিধিনিষেধ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে রায় দিয়েছে সংস্থাটির বিরোধ নিষ্পত্তি প্যানেল। এ রায়কে স্বাগত জানিয়েছে চীন।
মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ডব্লিউটিও চীনের দায়ের করা মামলার প্যানেল প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তুরস্কের আরোপিত অতিরিক্ত শুল্ক ও আমদানি লাইসেন্সসংক্রান্ত বিধিনিষেধকে ডব্লিউটিওর বাণিজ্যবিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের চুক্তি ও আইন বিভাগের এক কর্মকর্তা বলেন, ২০২৩ সাল থেকে তুরস্ক চীনা বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পাশাপাশি আমদানি লাইসেন্স বাধ্যতামূলক করেছে। এসব ব্যবস্থা ডব্লিউটিওর নির্ধারিত শুল্কসীমা, জাতীয় সমমর্যাদার নীতি এবং সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের নীতিসহ একাধিক বিধান লঙ্ঘন করেছে। এর ফলে চীনের বৈধ বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি বলেন, ডব্লিউটিওর প্যানেল রায়কে সম্মান জানিয়ে তুরস্কের উচিত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং আন্তর্জাতিক বাণিজ্যবিধির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সব ব্যবস্থা সংশোধন করা।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশটি বরাবরের মতো উন্মুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্যনীতিতে বিশ্বাসী। ডব্লিউটিওকে কেন্দ্র করে গড়ে ওঠা বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি নতুন জ্বালানিচালিত যানবাহনসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে বিশ্বের সব অংশীদারের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।
সূত্র: সিএমজি বাংলা

Posted ১০:১২ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
9 News Bd | s s


