নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত না করে নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নতুন আইন প্রণয়নের কাজ শুরু করেছে। প্রস্তাবিত আইনে বাহিনীটির নাম স্পেশাল রেসপন্স ফোর্স (এসআরএফ) অথবা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন ইউনিটটি বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত বাহিনী হিসেবে পরিচালিত হবে। তবে বর্তমান র্যাবের মতোই এতে পুলিশ ছাড়াও সশস্ত্র বাহিনী এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রেষণে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। খসড়াটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী ২৯ জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নিয়ে এটি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
খসড়া আইনে মোট ৯টি অধ্যায়ে ২৯টি ধারা রাখা হয়েছে। এতে ইউনিটের গঠন, দায়িত্ব, গ্রেপ্তার ও তল্লাশির ক্ষমতা, ফৌজদারি অপরাধ তদন্ত, সদস্যদের শৃঙ্খলা, অভিযোগ নিষ্পত্তি, প্রশিক্ষণ এবং বর্তমান র্যাবের সদস্য, সম্পদ ও চলমান কার্যক্রম নতুন ইউনিটে স্থানান্তরের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে র্যাব নামটি বিলুপ্ত হলেও বাহিনীটির সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম মূলত নতুন আইনের অধীনেই চলবে।
প্রস্তাবিত আইনে নতুন ইউনিটকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাসবাদ দমন, সাইবার অপরাধ, মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে নির্দিষ্ট ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতাও দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
খসড়া নিয়ে আলোচনায় র্যাবের কার্যক্রম সারা দেশের পরিবর্তে শুধু মহানগর এলাকায় সীমিত করার বিষয়টিও উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে মানবাধিকার সংস্থা ও গুম-সংক্রান্ত তদন্ত কমিশন অতীতে র্যাবের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বাহিনীটি বিলুপ্ত করার সুপারিশ করেছিল। মানবাধিকারকর্মীদের একাংশের মত, শুধু নাম পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত সংস্কার হবে না; জবাবদিহি, স্বচ্ছতা এবং কার্যক্রমের ধরনে মৌলিক পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে তারা পুলিশের পেশাদার সদস্যদের নিয়েই বিশেষায়িত ইউনিট গঠনের সুপারিশ করেছেন।

Posted ৫:৫৭ এএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬
9 News Bd | s s


