নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।
একই সময়ে নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে এক হাজার ১১৮ জনে পৌঁছেছে।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৫ জন নারী, যা মোট মৃত্যুর ৫৮ দশমিক ১ শতাংশ। অন্যদিকে পুরুষের সংখ্যা ১৮ জন, যা মোট মৃত্যুর ৪১ দশমিক ৯ শতাংশ।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ছয়জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে চারজন, রাজশাহী বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বর্ষাকালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির ঝুঁকির কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার বা জমে থাকা পানিতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Posted ২:১৭ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬
9 News Bd | s s


