শিরোনাম >>
শিরোনাম >>

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ডেইরা আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে ২০২৪ সালের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি পেশাদার বিশ্লেষক নন; দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই দেশের বাস্তবতা ও জনগণের প্রত্যাশা সম্পর্কে ধারণা অর্জন করেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মতো আন্তর্জাতিক সংকট উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার ও নানা অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। তবে জনগণের সক্ষমতা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অর্থনীতি পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতকে আরও কার্যকর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিল্পায়ন, কৃষির উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক বাজেটেও বিনিয়োগ ও শিল্প খাতকে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

গণতান্ত্রিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সাংবিধানিক সংস্কারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও গতিশীল করতে আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ঐক্য, সাহস ও কর্মদক্ষতার মাধ্যমে একটি উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে উঠবে।

‘বাংলাদেশ অ্যান্ড এ চেঞ্জিং ওয়ার্ল্ড: আনচার্টেড টাইমস, ইমার্জিং অর্ডারস অ্যান্ড দ্য পলিটিকস অব কেয়ার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের ভবিষ্যৎ, বৈশ্বিক পরিবর্তন, অর্থনীতি, রাজনীতি, উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও নীতিগত করণীয় নিয়ে আলোচনা হয়। এতে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৮ এএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------