নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চান, তাহলে সংবিধান অনুযায়ী সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ বা আনুষ্ঠানিক তথ্য নেই।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে গুঞ্জন চলছে, সেটি আপাতত গুঞ্জনই। যদি বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে, তখন সে অনুযায়ী প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এর বাইরে সরকারের কোনো ভূমিকা বা করণীয় নেই।
রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি রাষ্ট্রপতিকেই জিজ্ঞাসা করতে হবে। তিনি কিছুদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। তবে তিনি স্বাস্থ্যগত বা অন্য যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেই সাংবিধানিক সুযোগ তার রয়েছে।
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফোনালাপ হয়েছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে তার কোনো তথ্য জানা নেই।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। একইভাবে রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। তবে এসব বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

Posted ১০:৫৪ এএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
9 News Bd | s s


