নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা তখনই প্রকৃত অর্থে শক্তিশালী হয়, যখন স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও ক্ষমতাবান হয়। তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব।
বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান-মেম্বারদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে স্থানীয় সরকার প্রশাসন, বিচার, স্বাস্থ্যসেবা ও জনসেবামূলক কার্যক্রমের প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে স্থানীয় সরকারকে সেই কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে ক্ষমতায়নের সময় এসেছে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাই জনগণের সবচেয়ে কাছের জনপ্রতিনিধি। স্থানীয় মানুষের সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতো আর কেউ এতটা অবগত নন। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করাতে স্থানীয় সরকারকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে এসেছে এবং গণতন্ত্র পুনর্গঠনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতের শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই।
ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, চেয়ারম্যান ও সদস্যদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি তাদের কল্যাণে একটি ট্রাস্ট ও তহবিল গঠনের বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।
মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদসহ আগামী সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটেই চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচিত হবেন।
সংগঠনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, সব বিভাগ ও জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে। দেশের স্বার্থে বিশ্বাসী কাউকে বাদ না দিয়ে সবাইকে সঙ্গে নিয়েই সংগঠনকে এগিয়ে নিতে হবে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. পয়গাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মাধ্যমেই সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Posted ১:২৪ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২৬
9 News Bd | s s


