বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট

জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও সময় পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন। সম্প্রতি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য মালদ্বীপ ঘুরে এসে সেই ভ্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের নীল সমুদ্র ও মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছেন কেয়া পায়েল। কখনো সৈকতে হাঁটছেন, কখনো প্যারাসেইলিং করছেন, আবার স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে সমুদ্রের নিচের সৌন্দর্যও উপভোগ করছেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’
পায়েলের এই বার্তা অনেক ভক্ত-অনুরাগীর প্রশংসা কুড়িয়েছে। অনেকে মন্তব্য করেছেন, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিই ফুটে উঠেছে তার কথায়। তবে কেউ কেউ মত দিয়েছেন, এমন স্বপ্নপূরণে আর্থিক সামর্থ্যও গুরুত্বপূর্ণ বিষয়।
এর আগে মালদ্বীপ সফরের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন কেয়া পায়েল। সেই সময় একটি ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মালদ্বীপের একটি রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে তাকে দেখা যায়। ভিডিওটি ঘিরে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে ওই ভিডিও বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কেয়া পায়েল এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী।

Posted ১:০৪ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
9 News Bd | s s


