বগুড়া প্রতিনিধি | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট

বগুড়ার কাহালু উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভলতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভলতা গ্রামের মো. আবদুলের এক বছর বয়সী ছেলে জাকির এবং একই গ্রামের ফারুক হোসেনের আট বছর বয়সী ছেলে সাইফ ও পাঁচ বছর বয়সী মেয়ে জুরাইয়া। তারা পরস্পরের নিকটাত্মীয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে বল নিয়ে খেলছিল তিন শিশু। খেলার একপর্যায়ে বল আনতে গিয়ে একজন পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর দুই শিশুও পানিতে নেমে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তিন শিশুকে উদ্ধার করেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। এ সময় কাহালু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই উদ্ধারকাজ সম্পন্ন হয়।
কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সবুজ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা শিশুদের উদ্ধার করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খেলার সময় প্রথমে দুই শিশু পানিতে পড়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে ভলতা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Posted ১২:৫১ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
9 News Bd | s s


