ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনলাইনে অনুষ্ঠিত ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর ক্ষেত্রে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে কার্যকর। তাই এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল ধ্বংসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি নির্মাণাধীন ভবনে নিয়মিত অভিযান পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি বাড়ানোর নির্দেশনা দেন।
সভায় বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে কার্যক্রম আরও সমন্বিত ও ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মীর শাহে আলম বলেন, প্রশাসকদের আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগের ফলে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে নতুন গতি এসেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং কার্যক্রম তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি একটি টাস্কফোর্স গঠন করেছে। এর আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচার এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কর্মসূচি চলমান রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি নির্মাণাধীন ভবনসহ সম্ভাব্য প্রজননস্থলে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় কয়েকটি সিটি কর্পোরেশনের প্রশাসক সশরীরে এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।

Posted ৭:৪৯ এএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
9 News Bd | s s


