ক্রীড়া প্রতিবেদক | রবিবার, ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
বিশ্বকাপ ফাইনাল মানেই শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের এক জাঁকজমকপূর্ণ আয়োজন। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এবারের ফাইনালকে ঘিরে দর্শকদের জন্য রাখা হয়েছে নানা আকর্ষণ। সমাপনী অনুষ্ঠান, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো, বিশেষ পুরস্কার এবং ট্রফি বিতরণ—সব মিলিয়ে দিনটি পরিণত হবে ফুটবল উৎসবে।
ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) শুরু হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। এরপর সংগীত পরিবেশন করবেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজও।
এবারের ফাইনালের সবচেয়ে বড় নতুনত্ব হলো হাফটাইম শো। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম সুপার বোলের আদলে বিরতিতে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় ১১ মিনিটের এই পরিবেশনায় অংশ নেবেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএস। পুরো আয়োজনের সৃজনশীল তত্ত্বাবধানে থাকবেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
তবে শুধু পরিবেশনার সময়ই নয়, মঞ্চ স্থাপন ও অপসারণের কাজ মিলিয়ে বিরতির সময় ২০ থেকে ২৫ মিনিট, এমনকি আরও কিছুটা বেশি হতে পারে। যদিও ফুটবলের আইন অনুযায়ী সাধারণত বিরতির সময়সীমা ১৫ মিনিট। দীর্ঘ বিরতির কারণে দ্বিতীয়ার্ধ শুরুর আগে খেলোয়াড়দের অতিরিক্ত ওয়ার্মআপ করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ম্যাচ শেষে থাকবে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ট্রফি উন্মোচনের সেই মুহূর্তকে স্মরণীয় করে তুলতে থাকবে আতশবাজি, কনফেত্তি এবং বর্ণিল আলোকসজ্জা।
এবারের বিশ্বকাপে আরেকটি নতুন সংযোজন হলো ‘চ্যাম্পিয়নশিপ রিং’। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলের সদস্যদের জন্য বিশেষ স্মারক হিসেবে এই আংটির প্রবর্তন করেছে ফিফা। চ্যাম্পিয়ন দলের ৩০ সদস্য এ সম্মাননা পাবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতীকীভাবে অধিনায়ক ও প্রধান কোচকে একটি করে আংটি দেওয়া হবে। পরে প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী আলাদা আংটি তৈরি করে পৌঁছে দেওয়া হবে।
অর্থনৈতিক দিক থেকেও এবারের ফাইনাল অত্যন্ত আকর্ষণীয়। বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকার সমান। ট্রফি, পদক এবং ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি এটিই হবে শিরোপাজয়ীদের সবচেয়ে বড় আর্থিক অর্জন।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬
9 News Bd | s s