ফোকাসবাংলা২৪ ডেস্ক | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট
রাতে ঘুমানোর আগে স্মার্টফোনে পর্যাপ্ত চার্জ থাকলেও সকালে উঠে অনেকেই দেখেন, ফোন ব্যবহার না করার পরও ব্যাটারির চার্জ ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেকেই এটিকে ব্যাটারির ত্রুটি মনে করলেও বাস্তবে এর পেছনে একাধিক প্রযুক্তিগত কারণ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ফোনের পর্দা বন্ধ থাকলেও বিভিন্ন অ্যাপ ও সিস্টেম ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকায় ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমতে থাকে। এ সমস্যা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা ব্যাটারি ব্যবহারের তালিকা দেখে কোন অ্যাপ সবচেয়ে বেশি চার্জ ব্যবহার করছে তা সহজেই জানতে পারেন।
রাতে ব্যাটারির চার্জ কমে যাওয়ার প্রধান কারণগুলো হলো—
দুর্বল নেটওয়ার্ক: মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকলে ফোন বারবার সিগন্যাল খুঁজতে থাকে, ফলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। রাতে প্রয়োজন না হলে এরোপ্লেন মোড চালু রাখা উপকারী হতে পারে।
ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা: সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল ও অন্যান্য অ্যাপ বন্ধ করার পরও অনেক সময় তথ্য হালনাগাদ করতে থাকে। অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সীমিত করলে চার্জ সাশ্রয় হয়।
অবস্থান শনাক্তকরণ: অনেক অ্যাপ সবসময় অবস্থানের তথ্য সংগ্রহ করে। প্রয়োজন ছাড়া লোকেশন সেবা বন্ধ রাখলে ব্যাটারির ব্যবহার কমে।
অতিরিক্ত নোটিফিকেশন: প্রতিটি নোটিফিকেশন প্রসেসর ও নেটওয়ার্ককে সক্রিয় করে। অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখলে ব্যাটারির আয়ু বাড়ে।
অলওয়েজ-অন ডিসপ্লে: এই সুবিধা চালু থাকলে পর্দার একটি অংশ সবসময় সক্রিয় থাকে, যা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত চার্জ ব্যবহার করে।
সফটওয়্যার হালনাগাদ: নতুন সফটওয়্যার ইনস্টলের পর কিছু সময় ফোন বিভিন্ন ফাইল অপ্টিমাইজ ও সিস্টেম প্রসেস চালায়। এ সময় সাময়িকভাবে ব্যাটারির ব্যবহার বেড়ে যেতে পারে। তাই অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত হালনাগাদ রাখা উচিত।
ব্যাটারির সক্ষমতা কমে যাওয়া: দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাটারির ধারণক্ষমতা স্বাভাবিকভাবেই কমে যায়। অতিরিক্ত তাপও ব্যাটারির কর্মক্ষমতা হ্রাস করে। ফোন অস্বাভাবিক গরম হওয়া বা দ্রুত চার্জ শেষ হলে অনুমোদিত সেবা কেন্দ্রে ব্যাটারি পরীক্ষা করানো উচিত।
বিশেষজ্ঞদের পরামর্শ, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা, লোকেশন ও নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা এবং নিয়মিত সফটওয়্যার হালনাগাদ করলে রাতে ব্যাটারির অস্বাভাবিক চার্জ ক্ষয় অনেকটাই কমানো সম্ভব।
Posted ২:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬
9 News Bd | s s