রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বকাপে সেমিফাইনালের পর্দা উঠছে আজ, স্পেন-ফ্রান্স মহারণে ফাইনালের টিকেটের লড়াই

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বিশ্বকাপে সেমিফাইনালের পর্দা উঠছে আজ, স্পেন-ফ্রান্স মহারণে ফাইনালের টিকেটের লড়াই

বিশ্বকাপের শিরোপা লড়াই এখন শেষ চারের মঞ্চে। প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। দুই দলের শক্তিমত্তা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটিকে ফাইনালের আগেই আরেকটি ফাইনাল হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ আসরে দুই দলের এটি তৃতীয় সেমিফাইনাল লড়াই। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। ফলে এবার সেই দুই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া দিদিয়ের দেশমের শিষ্যরা।

টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। এখন পর্যন্ত ছয়টি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। নকআউট পর্বে প্যারাগুয়ে ও মরক্কোকে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত কিলিয়ান এমবাপেরা এবার ফাইনালের আরেক ধাপ দূরে।

অন্যদিকে স্পেন পাঁচটি জয় পেলেও এখনও নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি। পুরো আসরে মাত্র একটি গোল হজম করলেও আক্রমণভাগ প্রত্যাশামতো কার্যকর হয়নি। তাই এবারের সেমিফাইনালই লা রোজাদের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

ফ্রান্সের আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিজের ওপরই থাকবে মূল ভরসা। অন্যদিকে স্পেনের গোলের দায়িত্ব কাঁধে থাকবে তরুণ তারকা লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালের। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ইয়ামাল তার সেরাটা উপহার দেবেন।

সম্ভাব্য একাদশ

স্পেন: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

ফ্রান্স: মাইক মেইনিয়ান, জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, কোনোয়ে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল অলিজে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপে।

ফুটবল বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে স্পেন এগিয়ে থাকলেও বর্তমান ফর্ম ও স্কোয়াডের গভীরতার কারণে অনেকেই এই ম্যাচে ফ্রান্সকে সামান্য এগিয়ে রাখছেন। তবে দুই দলের সামর্থ্য বিবেচনায় জমজমাট ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশাই বেশি।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রানুর কবিতা
(216 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------